‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’, যেভাবে পাওয়া গেলো অপ্রতিমের মরদেহ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন পশ্চিম সানন্দার একটি টিলা থেকে শনিবার সকালে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিশ্চিত হওয়া যায়, শিশুটি কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়েছিল সে।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদির জিলানী জানান, কাজের প্রয়োজনে জঙ্গলের দিকে যাওয়ার সময় তাঁর ভাতিজা বলে, “কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে।” এরপর সেখানে গিয়ে তারা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ভয় পেয়ে তারা কাজ ফেলে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর জানতে পারেন, ওই এলাকায় একটি পরিবারের সন্তান নিখোঁজ হয়েছে। তখন তাঁরা জঙ্গলের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখার বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজনসহ তাঁরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে দেখতে পান।
শনিবার ভোরে অপ্রতিমের মুঠোফোনের সর্বশেষ অবস্থানের তথ্যের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় তল্লাশি শুরু হয়। বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দা কাদির জিলানীসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে জঙ্গলের ভেতরে পড়ে থাকতে দেখেন। অপ্রতিমের মরদেহটি ওই টিলা থেকে উদ্ধার করে পুলিশ। এখন পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
এই খবরটি একাধিক বিশ্বস্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন মিলিয়ে যাচাই করা হয়েছে।